ইন্টার মায়ামিকে তাহলে বার্সেলোনার ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ বলাই যায়!

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বশেষ মৌসুমে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন তাঁর সাবেক দুই বার্সা সতীর্থ সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। গত ডিসেম্বরে মেসি, বুসকেতস, আলবাদের সঙ্গী হন বার্সার আরেক সাবেক ফুটবলার লুইস সুয়ারেজ। এবার ফিলিপে কুতিনিও মেজর লিগ সকারের (এমএলএস) যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’।


৩১ বছর বয়সী কুতিনিওর বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা তাঁকে গত সেপ্টেম্বরে ধারে কাতারি ক্লাব আল দুহাইলে পাঠিয়েছিল। সেই ধারের মেয়াদ কিছু দিন আগে শেষ হয়েছে। আল দুহাইল চাইলে কুতিনিওকে কিনেও নিতে পারে—এমন সুযোগও রেখেছিল অ্যাস্টন ভিলা।


তবে ক্লাবটিতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি ব্রাজিলের এই অ্যাটাকিং মিডফিল্ডার। দোহার ক্লাবটিতে খেলতে যাওয়ার পর কাতার স্টারস লিগে (কিউএসএল) মাত্র ছয় ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। লিগে সব মিলিয়ে ৪১৯ মিনিট খেলে গোল ২টি। এএফসি চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে ২টি গোল ও ১টি অ্যাসিস্ট করলেও দলের কোনো কাজে আসেনি। গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে আল দুহাইল।


আল দুহাইলে নজর কাড়তে না পারায় ধারের মেয়াদ শেষে কুতিনিওকে মূল ক্লাব অ্যাস্টন ভিলায় ফিরে যেতে বলা হয়। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৩–২৪ মৌসুমে চমক দেখিয়ে চলা (বর্তমানে পয়েন্ট তালিকার দুইয়ে আছে) ভিলার কোচ উনাই এমেরির পরিকল্পনায় তিনি নেই। ‘এএস’ প্রতিবেদনে লিখেছে, উনাই এমেরি কুতিনিওকে ভিলার স্কোয়াডে রাখতে চান না। বরং অন্য আরেকটি ক্লাবে ধারে পাঠাতে চান।